শ্রীবরদীতে যুবলীগ নেতার স্ত্রীর ৬ মাসের সাজা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯
 
শেরপুরের শ্রীবরদীতে হেরোইন ও ইয়াবাসহ আটক যুবলীগ নেতার স্ত্রী সুমাইয়া আক্তার ছনিকে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।
 
শনিবার সকালে শেরপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরশহরের খামারিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হেরোইনসহ দেলোয়ার হোসেন (৩৩) ও তার স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৬) ইয়াবাসহ গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার স্ত্রীকে ৬ মাসের সাজা প্রদান করে।
 
জেলা মাদকের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে খামারিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বসত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ দেলোয়ারকে ও তার স্ত্রীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি খামারিয়াপাড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তারা উভয় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
 
শ্রীবরদী থানার ওসি রেজাউল হক বলেন, দেলোয়ার হোসেন শ্রীবরদী থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একডজন মাদক মামলা রয়েছে। শনিবার দুপুরে সাজাপ্রাপ্ত ২ মাদক ব্যবসায়ীকে শেরপুর জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।