রাউজানে হৃদয় দাশ (১৪) নামের এক শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় পাস করতে না পেরে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ঐ শিক্ষার্থী উপজেলার পাঁচখাইন-বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে স্থানীয় দাশ পাড়ার মৃদুল দাশ ও বাসন্তি দাশের পুত্র।
বিদ্যালয় সূত্রে জানা যায়, হৃদয় দাশ হতদরিদ্র পরিবারের সন্তান। পড়ালেখায় তেমন ভাল ছিল না। পরিবারিক অবস্থার বিবেচনায় তাকে পরীক্ষা দেয়া সুযোগ দেয়া হয়েছিল। ৩০ শে ডিসেম্বর প্রকাশিত ফলাফল দেখে হতাশার মাঝে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ঐ শিক্ষার্থীর আত্মীয় স্বজন ও স্থানীয়দের কাছে জানা যায়, হৃদয় দাশের মা বাসন্তী জলদাশ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরে ফিরে দেখেন দরজা বন্ধ। এরপর দরজা ভেঙে দেখতে পান তার ছেলে হৃদয় ঘরের বীমের সঙ্গে রশিতে ঝুলে আছে।
এসময় দ্রুত তাকে নামিয়ে নোয়াপাড়া পথেরহাটস্থ কসমিক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজল করিম ঘটনা স্বীকার করে বলেন, তার স্কুলের পাসের হার ছিল ৭৬ শতাংশের উপরে। হতভাগ্য ছেলেটি পরীক্ষায় ফেল করার সংবাদ পেয়ে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘জেএসসিতে ফলাফল খারাপ করার অভিমানে এক ছেলে ফাঁসিতে ঝুলে মারা যায়।’
ইত্তেফাক/নূহু
