কুমিল্লায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৬:০১
 
কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় একটি বালু ভর্তি ট্রাকের চাপায় ফয়সাল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল নূরপুর এলাকার টিপু মিয়ার ছেলে এবং হাউজিং এস্টেট স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
 
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নূরপুর এলাকায় দ্রুতগতির একটি বালু ভর্তি ট্রাক সাইকেল আরোহী স্কুলছাত্র ফয়সালকে (১২) পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন আহমেদ জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান