পড়ালেখার প্রতি আগ্রহ ও নিজের চেষ্টাকে কাজে লাগিয়ে পত্রিকা বিলির কাজ করেও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মিনহাজ আহম্মেদ রাকিব। সে এ বছর মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩-৪ বছর ধরে মতলব শহরে তার ফুফা পত্রিকার এজেন্ট দেলোয়ার হোসেনের সাথে মিনহাজ পত্রিকা বিলির কাজ করে। শহরের বিভিন্নস্থানে সকালে জাতীয় ও স্থানীয় পত্রিকা সাইকেলে বিলি করে বিদ্যালয়ে যায়। রাকিবের বাড়ি মতলব উত্তর উপজেলার রসুলপুর শাহবাজকান্দিতে। তার পিতার নাম মো. সেলিম বেপারী (৪৮) কৃষি কাজ করে ও মাতা আলেয়া বেগম একজন গৃহিণী। তারা তিন ভাই ও দুই বোন। ভাইদের মধ্যে সে দ্বিতীয়।
IMG0
এদিকে হকার রাকিবের ফলাফল জেনে পত্রিকার লোকজনসহ মতলব শহরে সুধীজন উচ্ছাস প্রকাশ করে। সকলে তার ফলাফলের প্রশংসা করেন।
স্কুলের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা জানান, ‘রাকিব আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ‘গ’শাখার ভাল ছাত্র ছিল। তার পারিবারিক অবস্থা সম্পর্কে আমরা সকল শিক্ষকই অবগত ছিলাম। সেজন্য আমরা সকল শিক্ষক পড়ালেখার ব্যাপারে সহযোগিতা করতাম। তার এ ভাল ফলাফলে আমরা খুশি।’
ইত্তেফাক/ইউবি
