সাভারের আশুলিয়ায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আবু তালেব (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
রবিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আবু তালেব গোরাট এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে। আহত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, আবু তালেবের সঙ্গে তার চাচাতো ভাই ইয়াসুফের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার দুপুরে আবু তালেব ওই জমির থেকে বাঁশ কাটতে গেলে ইয়াসুফ বাধা দেয়। এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
