কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার থেকে নব্য জেএমবির সদস্য মো: শরফুল আউয়ালকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শরফুল আউয়াল চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লালানগর গ্রামের মুন্সির বাড়ির জামশেদ চৌধুরীর পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে।
রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন।
তিনি জানান, রবিবার রাত পৌনে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি শরফুল আউয়ালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড, দুটি পেন ড্রাইভ এবং একটি ট্রাভেলস ব্যাগ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
