নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত রিপুল ডাকাত রবিবার রাতে নিহত হয়েছেন। নিহত লুত্ফর রহমান ওরফে রিপুল (৪০) উপজেলার গাগলাজুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নত আলী জানান, গাগলাজুর এলাকার রিপুল ডাকাত সিলেট নেত্রকোনা কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তিনি আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ধর্ষণ সহ ১৯ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
গত রবিবার গ্রেপ্তারের পর রাত একটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে মোহনগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছলে ডাকাতের অন্যান্য সদস্যরা পুলিশের উপর গুলি চালায়। এ সময় পাল্টা গুলি চালালে রিপুল আহত হন। বন্ধুকযুদ্ধে তিনজন পুলিশও আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রিপুল ডাকাতকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাতপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
