৬৫ বছর বয়সে ঘর পেলেন রোকেয়া বেওয়া

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪
 
প্রধানমন্ত্রীর উপহার সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় ৬৫ বছর বয়সে ঘর পেলেন দেলদুয়ারের রোকেয়া বেওয়া। রোকেয়া বেওয়ার স্বামী সুলতান মিয়া মারা গেছেন প্রায় ৩০ বছর পূর্বে। তাদের একমাত্র মেয়ে শাহানা। শাহানারও স্বামী নেই। সে অন্যের বাড়ি কাজ করে জীবন চালায়।
 
রোকেয়া বেওয়ার মাত্র এক শতক জমি ছিল। স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ছাপড়া ঘরে সারাজীবন কাটিয়েছেন। ভিক্ষা করে জীবন চালান। নিজের ঘরে কখনও ঘুমাবেন ভাবতেই পারেননি। 
 
রোকেয়া বেওয়ার সাথে যখন কথা হয় আনন্দে তার চোখ মুখ ছলছল করছিল। হাসি মুখে বলেন, বাবা যখন লোকজনের কাছে হুনলাম সরকার গরীব মাইনষের জন্য ঘর দিবো তহন উপজেলায় বড় স্যারের (ইউএনও) কাছে যাইয়া আমার অবস্থা কইলাম। স্যার খুব ভাল মানুষ আছাল। হে আমার কষ্ট বুজবার পাইরা কইলো আপনেরে ঘর দিমু। স্যারের দয়ায় আমি ঘর পাইছি। আজ নিজের ঘরে ঘুমামু। কেউ আর আমারে ঘর থিকা বাইর করতে পারবো না। 
 
ঘরটি তৈরিতে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করা জাঙ্গালিয়া গ্রামের আক্তারুজ্জামান আজাদ বলেন, সদ্য বিদায়ী ইউএনও মো. শাহাদত হোসেন কবির স্যারের দিক নির্দেশনায় শতভাগ স্বচ্ছতার সাথে ঘরটি সম্পন্ন করে দেওয়া হয়েছে। 
 
উপজেলা প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আব্দুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া প্রথম ধাপে ১৭টি ঘর তৈরি সম্পন্ন করে ঘরের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মেঝে পাকা ও টয়লেট সহ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ টাকা। সদ্য বিদায়ী ইউএনও মো. শাহাদত হোসেন কবির স্যার সার্বক্ষনিক খোঁজ খবর নিতেন এবং দিক নির্দেশনা দিতেন। শতভাগ স্বচ্ছতার সাথে আমরা ঘরের কাজ সম্পন্ন করে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের দিয়েছি। 
 
ইত্তেফাক/আনিসুর