খাগড়াছড়িতে বই উৎসব

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:১৩
খাগড়াছড়ি পার্বত্য জেলাসদরসহ নয় উপজেলায় বই উৎসব শুরু হয়েছে। জেলার প্রায় ৭০০ প্রাথমিক ও ২০০ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিশুরা পেয়েছে নতুন বই। আজ সোমবার সব কটি বিদ্যালয়েই একযোগে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ২২ হাজার শিশুর মাঝে ৪ লাখ ৯৮ হাজার বই বিতরণ করা হচ্ছে।
 
আজ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলার  কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বই শিশুদের হাতে তুলে দেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন উপস্থিত ছিলেন। 
 
এদিকে প্রাক-প্রাথমিকের পাহাড়ি শিশুদের হাতেও আজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে প্রাক-প্রাথমিক স্তরের ২১ হাজার ৭৫২জন চাকমা, মারমা ও ত্রিপুরা শিশু মাতৃভাষার বই পেয়েছে। এর সাথে মাতৃভাষার বর্ণমালা ভিত্তিক খাতাও বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, সারাদেশের ৫টি মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও পড়াশোনার উদ্যোগ নিয়েছে এনসিটিবি। অপর দুটি মাতৃভাষা হলো সমতলের সাদরি ও গারো।  
 
ইত্তেফাক/এমআই