প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এই অবস্থায় দু’দেশের মধ্যে যেকোনো ধরণের বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এই আবহের মধ্যেই বসতে চলেছে দু’দেশের মধ্যে সিন্ধু জল চুক্তির অধীনে দু’টি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বৈঠক।
কূটনৈতিকদের মতে, নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনাটির পিছনে রয়েছে আন্তর্জাতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে হচ্ছে এই বৈঠক। উরি হামলা এবং ভারতের পাল্টা সার্জিকাল স্ট্রাইকের পরে এই সিন্ধু জল চুক্তিই বাতিল করে দিতে পারে ভারত— এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। তারপরও এই চুক্তির সঙ্গে ভারতের, বিশেষ করে কাশ্মীরের স্বার্থ সরাসরি যুক্ত। তাই বিবাদের জায়গাগুলি থাকা সত্ত্বেও মতপার্থক্যের জায়গাগুলির সমাধান করতে চাইছে ভারত।
ইত্তেফাক/সেতু
