নেত্রকোনার মোহনগঞ্জে ১৯ মামলার ফেরারী আসামি লুৎফুর রহমান রিপুল (৪০) রবিবার রাতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে।
মোহনগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাগলাজুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রিপুলের স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে ওসি আনসারী জিন্নাৎ আলীর নেতৃত্বে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান যায় পুলিশ।
গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর বাজার সংলগ্ন নয়াপাড়া গ্রামের সামনে প্রথমে গাড়ী করে ও পরে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছলে পূর্বে থেকে উৎ পেতে থাকা রিপুলের লোকজন পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায় কিছুক্ষণ গুলি বিনিময়ের পর রিপুলের সঙ্গীরা পালিয়ে যায়।
বন্ধুক যুদ্ধে আহত রিপুলকে ঐ রাতেই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, বন্ধুকযুদ্ধে এস আই আফজাল হোসেন, এস আই জহিরুল আলম ও তোফাজ্জল হোসেন আহত হন। এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে পিস্তল সাদৃস্য ১টি সার্টার গান, ৩ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহনগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, ধর্ষণসহ ১৯মামলা রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ প্রেরণ করা হয়েছে। রিপুল গাগলাজুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আঃ মোতালিবের ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামি করে অস্ত্র আইনে ও ৩০২ ধারায় ২টি মামলা রজু করে।
ইত্তেফাক/নূহু
