আগুনে পুড়ল ইব্রাহিম টেক্সটাইল মিল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০১:১৩

সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম কম্পোজিট ও টেক্সটাইল মিলে গতকাল সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে পুড়ে গেছে মেশিনারিজ ও কাপড়। প্রায় সোয়া ১ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

ইব্রাহিম কম্পোজিট ও টেক্সটাইল মিলের প্রশাসনিক কর্মকর্তা (উন্নয়ন) তপন সাহা জানান, কারখানার ডাইং সেকশনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। তিন তলা ভবনের ওই গোডাউনে আগুনে পুড়ে গেছে মেশিনারিজ ও সেখানে থাকা বিপুল সংখ্যক কাপড়। প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ডাইং সেকশনের বয়লার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত পৌনে ৯টায় অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপন করা যায়নি।

ইত্তেফাক/নূহু