বোরহানউদ্দিনের ৬ হাজার শিশু বই উত্সবের বাইরে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০৩:৫৭

সারা দেশে চলছে বই উত্সব। নতুন বইয়ের আনন্দে যখন মাতোয়ারা শিশুরা। একই সময় বোরহানউদ্দিন উপজেলার প্রায় ৬ হাজার শিশু ওই উত্সবের বাইরে রয়েছে। সুতার জালে বন্দি হয়ে পড়ছে জেলার মেঘনা ও তেঁতুলিয়ার তীরবর্তী এলাকায় বসবাসরত শিশুদের শিক্ষা। নদী ভাঙন আর দরিদ্রের কারণে স্কুলে যাওয়ার পরিবর্তে ওই সমস্ত শিশুরা নেমে পড়েছে মেঘনায় মাছ শিকারে। দু মুঠো ভাতের সন্ধানে অনেকে আবার হোটেল কিংবা ঝুঁকিপূর্ণ কাজ নিয়োজিত রয়েছে। বই আর স্কুলের পরিবর্তে আজ তারা জীবন যুদ্ধের সৈনিক।

ভিশন ২০২১ ও এসডিজি অর্জনে মহাজোট সরকার মানব সম্পদ উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। যার ধারাবাহিকতায় সারা দেশে জানুয়ারি মাসের প্রথম দিনই বই উত্সব উদযাপিত হয়। এতসব সত্ত্বেও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা সংলগ্ন সাত ইউনিয়নের প্রায় ৬ হাজার শিশুর শিক্ষাজীবন নদীতে মাছ ধরার সুতার জালে বন্দি হয়ে আছে। ৭ থেকে ১২ বছর বয়সের ওই সকল শিশু কখনও প্রাথমিক বিদ্যালয়ের দরজা মারায়নি। শিক্ষা অফিসের তথ্যে এ উপজেলার ১৫৫টি বিদ্যালয়ে বর্তমান ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৮শ ১৭ জন। ২০১৭ সালের শিশু জরিপে স্কুলে যায় না এমন শিশুর সংখ্যা মাত্র ৩১১ জন। যদিও বেসরকারিভাবে নয় ইউনিয়ন ও পৌরসভায় এর সংখ্যা প্রায় ১০ হাজার এ ধারণা অনেকের।  দরিদ্রের কারণে শিশুদের অভিভাবকরা নদীতে ঝুঁকিপূর্ণ মাছ ধরাকে লাভজনক দেখে ওই কাজে নিয়োজিত করেছেন। প্রতিদিন প্রতি শিশু মাথা পিছু দেড় থেকে ২শ’ টাকা আয় করে। এর পাশাপাশি টুকটাক খাবার জন্য মাছও নিয়ে আসে। ফলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ওদের কাছে অধরাই থেকে যাচ্ছে।

ইত্তেফাক/নূহু