গফরগাঁওয়ে ৪ কিশোর চারদিন ধরে নিখোঁজ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩
 
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মহল্লার (কোর্ট ভবন ও দপ্তরী বাড়ি এলাকা) চার কিশোর চারদিন ধরে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। 
 
নিখোঁজ চার কিশোর হলো- পুলিশের এসআই আব্দুল লতিফের ছেলে স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জয় (১৩), সোহাগ মিয়ার ছেলে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), খসরু মিয়ার ছেলে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সাজ্জাদ (১৩) ও বাচ্চু মিয়ার ছেলে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য পিইসি পাশ করা ইয়াসিন (১২)। 
 
নিখোঁজ সাজ্জাদের পিতা খসরু মিয়া জানান, গত শনিবার বিকাল থেকে তার ছেলেসহ আরো তিন কিশোরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গফরগাঁও থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। 
 
নিখোঁজ হওয়া জয়ের পিতা পুলিশ সদস্য আব্দুল লতিফ জানান, নিখোঁজ হওয়া কিশোররা মাঝে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানায় তারা ভাল আছে। এরপর ওই নম্বরে কল করলে কেউ কল রিসিভ করে না। 
 
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি