জঙ্গি সাঈদ আবারও ৪দিনের রিমান্ডে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:১৫
 
বগুড়ায় গ্রেফতার হওয়া জেএমবির শুরা সদস্য, দক্ষিণাঞ্চলের প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামলকে দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরআগে প্রথম দফায় তাকে ৩দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ । কিন্তু অনেক তথ্য থাকলেও সে মুখ খুলছে না। ফলে ৩দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। 
 
আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে আরও ৪দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আদেশ দেন। 
 
বগুড়ার নন্দীগ্রাম থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ডে গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি জানান, জঙ্গি আবু সাঈদ দুর্ধর্ষ জঙ্গি। নব্য জেএমবি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে থাকলেও সে কিছুতেই মুখ খুলছে না। প্রথম দফায় শনিবার ৩দিনের পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সে কোন প্রশ্নেরই উত্তর দেয় নি। 
 
ফলে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ১০দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত ৪দিন রিমান্ড নেওয়ার আদেশ দেন। 
 
প্রসঙ্গত, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দফতরের গোয়েন্দা ইউনিট যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে জেএমবির শুরা সদস্য, দক্ষিণাঞ্চলের প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামলকে (৩০)  গ্রেফতার করে। শনিবার বগুড়া জেলা ডিবি পুলিশের এসআই ফিরোজ বাদী হয়ে জঙ্গি সাঈদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। ওই মামলায় শনিবারই তাকে ১০দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার দ্বিতীয় দফায় আবারও ৪দিনের রিমান্ডে নিল পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি