আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্য আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪
 
সাভার আশুলিয়া থেকে ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে ৭ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- ফুলচান বেগম, জুলেখা বেগম, হানু বেগম, তাসলিমা বেগম, আজুফা আক্তার, শারমিন আক্তার ও শামসুর নাহার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। 
 
আশুলিয়া থানার এসআই লোকমান বলেন, মনিকা বেগম নামে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের খবর পেয়ে নবীনগর বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন সাত নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ভুক্তভোগী মনিকা বেগম বলেন, ‘সকালে দুই বছরের শিশুকে নিয়ে নবীনগর থেকে গাজীপুরে যাওয়ার জন্য একটি লোকাল বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে হঠাৎ ৭-৮ জন নারী তাকে ঘিরে ধরে। এর মধ্যে বুঝতে পারি আমার ও আমার মেয়ের গলার সোনার চেইন নেই। ঘটনাটি তাৎক্ষণিক আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ সাতজনকে আটক করে।’ 
 
ইত্তেফাক/ইউবি