যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সবসময় দেশের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে। আর বিএনপি-জামাত লুটপাট ও ধ্বংসের রাজনীতি করতে ভালোবাসে।
মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, গত নয় বছরে দেশের দুস্থ, দরিদ্র, অসহায়, শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীত মহিলা ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্তমান সরকার।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশির আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল কাদের প্রমুখ।
