হাটহাজারীতে গাছের ডাল ভেঙে ‘চোরের’ মৃত্যু!

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:৫৯

উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে গাছের ডাল ভেঙে ভবনের ছাদে পড়ে অনুমান ২৮বছর বয়সি অজ্ঞাতনামা এক চোরের মৃত্যু হয়েছে। উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আবদুল খালেকের হাটস্থ গোমস্থার বাড়িতে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা।

ময়না তদন্ত শেষে পরিচয় পাওয়া গেলে লাশ ওয়ারিশদের নতুবা আঞ্জুমানে মফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আমির আব্বাস চৌধুরী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্যরাতে গোমস্তা বাড়ির জনৈক নুরুল আবছারের দোতলা ভবনে ওই চোর অবস্থান নেয়। পরিবারের লোকজন টের পেয়ে ‘চোর’, ‘চোর’ বলে চিৎকার দিলে ওই চোর ছাদ সংলগ্ন আম গাছের ওপরে উঠে আশ্রয় নেয়। কয়েক শত লোক জড়ো হলে ভয় ও অসাবধানতাবসত গাছের ডাল ভেঙে সে ছাদের রেলিং এ ছিটকে পড়ে। এতে মাথায় রক্তাক্ত গুরুতর আহত হয়ে সে সংজ্ঞাহীন হয়।

সংবাদ দেওয়া হলে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নুরুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, ‘আমাদের ধারণা নিহত ব্যক্তি ছিঁচকে চোর। তার পরনে লুঙ্গী ছাড়া কিছুই ছিল না। তাকে চিকিৎসা দিয়ে বাঁচানো গেলে তার সাথে অন্য চোর ছিল কি না তা জানা যেত।

ইত্তেফাক/নূহু