গাজীপুরের সালনায় ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা, নিহত ২

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০০:২৫

গাজীপুরের সালনা এলাকার মোল্লাপাড়া রেলক্রসিংয়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় ট্রেনের ২ জন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। এঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হবার কারণে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহী অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে জয়দেবপুর রেল স্টেশন অতিক্রম করে। পথে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় স্থানীয় টিএম ফ্যাশন নামের একটি পোশাক কারখানার সামনের রেললাইন অতিক্রম করার সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয় এবং ট্রাকটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর চারজন আহত হয়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপরজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হক জানান, নিহতের গায়ে কালো প্যান্ট এবং বেগুনী রংয়ের চেক শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মনির হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে বিকল্প অপর একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে চিত্রা ট্রেনটিকে জয়দেবপুর রেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। ক্ষতিগ্রস্থ ট্রাকটি সরিয়ে নেবার পর উক্ত রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইত্তেফাক/নূহু