পাইকগাছায় স্লুইস গেটের ঢাকনা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০২:৫৬

পাইকগাছায় সরকারি স্লুইস গেটের ঢাকনা (পাট) ভেঙে জোয়ারের উপচে পড়া পানিতে পৌর সদরের শিববাটী এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আমন ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকালে ভাটার সময় প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটের ঢাকনা ভেঙে নদীতে চলে যায়।

পরে ভাটা শেষে প্রবল জোয়ারের উপচেপড়া পানি অবাধে পোল্ডার অভ্যন্তরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ২০টি চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। শতাধিক বিঘার আমন ফসলের পাকা ধান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এলাকার অসংখ্য বসতবাড়ির উঠান পানিতে তলিয়ে যায়। স্থানীয় ঘের মালিক মোস্তফা জানান, মৌসুমের শেষ মুহূর্তে ঘেরে মাছের পরিমাণ কম ছিল। তবে যে মাছ ছিল তা সব পানিতে ভেসে গেছে। এছাড়া আমন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্ত স্লুইস গেট ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

ইত্তেফাক/নূহু