চন্দনাইশে সেশন ফি নিয়ে দিশাহারা অভিভাবকরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:১৯
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে সেশন ফি নিয়ে দিশাহারা হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। উপজেলায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬ মাদ্রাসা রয়েছে। এসব বিদ্যালয় কিংবা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকরা মাত্রাতিরিক্ত সেশন ফি আদায় করা নিয়ে বেকায়দায় পড়েছেন। ফলে এ সেশন ফি যেন অনেক শিক্ষার্থীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
 
সরেজমিনে গিয়ে উপজেলার এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আলাপ করে জানা যায়, উপজেলার দোহাজারী জামিজুরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সেশন ফি নেওয়া হচ্ছে ৪৫০টাকা, কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬৫০টাকা, জোয়ারা বি.চৌধুরী উচ্চ বিদ্যালয় ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৫শ' টাকা এবং গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ে ১১শত টাকা, বেগম গোল চেমন আরা স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হচ্ছে ৩ হাজার টাকা অপর দিকে জোয়ারা মাদ্রাসা ও জামিজুরী রজবিয়া মাদ্রাসায় সেশন ফি নেওয়া হচ্ছে ১৫০ থেকে ২শ' টাকা করে। উপজেলার একেক বিদ্যালয়ে একেক রকম সেশন ফি আদায় করা নিয়ে গ্রাম-গঞ্জের দরিদ্র, অসহায় ও অটোরিকশা চালক এমন পরিবারের পক্ষে এত টাকা দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়া শুনা করাটা দুর্লভ হয়ে পড়েছে। আবুল বশর নামের এক ব্যক্তি বলেন আমি একজন রিকশা চালক। মাথার ঘাম পায়ে ফেলে দিনে যা আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চালাতে হচ্ছে।
 
এই অবস্থায় অতিরিক্ত সেশন ফি দিয়ে ছেলে মেয়ের পড়াশুনা করা কষ্টকর হয়ে পড়েছে। গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ইমা, নিহা এবং ৬ষ্ট শ্রেণির ছাত্র জয়ন্ত শীল জানান- তাদেরকে ১১শ' টাকা সেশন ফি জমা দিয়ে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হয়েছে। একজন শিক্ষার্থীর অভিভাবক ইদ্রিছ চৌধুরী বলেন, আমার ছেলে আতিকুর রহমান চৌধুরীকে একটি ভালস্কুল হিসাবে গোল চেমন আরা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করা গিয়ে ৪হাজার টাকা ভর্তি ফি দিতে হয়েছে। পড়াশুনায় ভাল হলেও একজন দরিদ্র লোকের পক্ষে তা কোন দিনই সম্ভবপর নয়। তিনি আরো বলেন, এসব সেশন ফি জাতির জন্য মঙ্গল নয় এবং সরকার শিক্ষার জন্য বছরের প্রথম দিন বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে শিক্ষার ক্ষেত্রে যে অবদান রাখছেন তা কতিপয় স্বার্থ লোভী ব্যক্তির কারণে ভেস্তে যেতে বসেছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ থাকা দরকার বলে মনে করেন তিনি। তবে গাছবাড়িয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন আমরা পরিচালনা পরিষদের সাথে আলাপ আলোচনা করে সহনশীল ফি নিচ্ছি।
 
চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার জানান, শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ৩ হাজার টাকা সেশন ফি নেওয়ার নির্দেশ রয়েছে। সেই ক্ষেত্রে  আমাদের করার কিছুই নাই।
 
ইত্তেফাক/জামান