ভোররাতে দুর্বৃত্তের আগুনে পুড়লো মা-মেয়েসহ তিনজন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৩:০০
 
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের খয়বরের বাড়িতে বুধবার ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তার স্ত্রী, পুত্রবধূ ও ৫ বছর বয়সী নাতনি অগ্নিদগ্ধ হয়েছে। পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
 
জানা গেছে, অগ্নিদগ্ধ রাজিয়ার স্বামী রিপন বিদেশে থাকেন। রাজিয়া তার শ্বশুর বাড়িতে পাঁচ বছর বয়সী মেয়ে আদরিকে নিয়ে থাকেন। গতরাত আনুমানিক তিনটার দিকে রাজিয়ার ঘরের ভেন্টিলেটর ভেঙে বাহির থেকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় রাজিয়া আদরিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাত্  আগুনের তাপে জাগা পেয়ে চিত্কার দিলে শাশুরী ঘরে এসে উদ্ধারের চেষ্টা করে। এ সময় তারা তিনজনই অগ্নিদগ্ধ হন।
 
ভোরে অগ্নিদগ্ধদের বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে তাদের পারিবারিক সূত্রে জানা যায়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে কাহালু থানার এসআই ডেভিড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 

ইত্তেফাক/এএম।