রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকা ও তার ছোটবোনকে কুপিয়ে জখম করেছে আলাউদ্দিন সরদার (১৬) নামে এক স্কুলছাত্র। পরে সে নিজেই পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করেছে। উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা গ্রামে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আলাউদ্দিন খামার মাগুরা গ্রামের মুক্তার সরদারের ছেলে। জখমকৃত ওই দুই বোনের বাড়িও একই গ্রামে। তারা তিনজনই জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে আলাউদ্দিন ও তার প্রেমিকা ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ও প্রেমিকার বোন দশম শ্রেণির ছাত্রীর ছাত্রী।
থানা হাজত থেকে আটককৃত আলাউদ্দিন বলেন, 'পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় আমাদের প্রেমের সম্পর্ক হয়। কিন্তু, সম্প্রতি আমাকে ছেড়ে সে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে। মঙ্গলবার রাত ৯টার দিকে আমি একটি দা' হাতে নিয়ে ওদের বাড়িতে ভয় দেখাতে যাই, যাতে সে আমার কাছে ফিরে আসে। কিন্তু, সেখানে গিয়ে আমি দেখি আমার প্রেমিকা ঘরের মধ্যে শুয়ে সেই ছেলের সঙ্গে হাসাহাসি করে মোবাইলে কথা বলছে। এসময় আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। দা' দিয়ে ওকে কুপিয়েছি এবং ওর বোন বাঁধা দিতে এলে তাকেও কুপিয়েছি। পরে আমি নিজেই ওসি স্যারের কাছে ফোন করে ধরা দিয়েছি।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম বলেন, আলাউদ্দিনের সাথে ওই মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কে টানাপোড়নের কারণেই এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ওই দুই বোনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/জামান
