চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গাড়ি ভাংচুর করায় এবং ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণের দাবীতে চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি ও অটোরিকশা চালক সমিতির যৌথ ডাকে বুধবার সকাল থেকে ধর্মঘট চলছে। এতে করে কাপ্তাই সড়কে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, চুয়েটের শিক্ষার্থীরা কারণে অকারণে অহেতুক আন্দোলনের নামে আমাদের গাড়ি ভাংচুর করেছে। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. মশিউল হক জানান, আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার মাধ্যমে বিষয়টি সমধান করতে চাই। রাঙ্গুনিয়ার ইউএনও আলোচনায় বসার বিষয়ে কথা বলেছেন।
বেলা তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট চলতে থাকে। এই বিষয়ে কোন সুরাহা হয় নি। তবে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসে।
ইত্তেফাক/আরকেজি
