জাফলংয়ে পাথর উত্তোলনের মাটি চাপা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজনই একই পরিবারের। নিহতদের চারজনের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। অন্যজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে ভূমি ধসের ঘটনা ঘটে। পরে গর্ত থেকে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো তিনজনকে। আহতদের মধ্যে সাদেক মিয়া (৪০) নামে এক শ্রমিককে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সাদেক হবিগঞ্জের বানিয়াচংয়ের তাজউল্লাহর ছেলে।
এই ঘটনায় নিহতদের তিনজনই একই পরিবারের। তারা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের ইব্রাহিম আলীর ছেলে জহুর আলী (৬৫), তার ছেলে মুজাহিদ (২১) ও মেয়ে সাকিরুন (২৬)। নিহত অপরজন হলেন- জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র নুর মিয়া (৫০)।
এ ব্যাপারে এএসপি মতিয়ার রহমান বলেন, একই গর্তে কিছুদিন আগে মাটি চাপায় চম্পা নামে এক কিশোরী নিহতের ঘটনায় মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
