সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৭
 
সাভারের আশুলিয়ার বিভিন্ন বাসা-বাড়িতে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১১জনকে ৬৫ হাজার টাকা জরিমানা করে। 
 
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়। 
 
এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। বুধবার সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েকশ ফুট পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। 
 
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ায় সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে।  
 
ইত্তেফাক/ইউবি