সাভারে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৭জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:১৪
 
সাভারে তিন পুলিশকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সাভার মডেল থানার এসআই নাজমুল হোসেন বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি দিলখুশাবাগ এলাকার শহীদ হোসেনের ছেলে বিপুল হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, মিলব্যারাক পুলিশ লাইনসর এসএএফ-এর ৬জন ও সাভার মডেল থানার ২জন কনস্টেবল সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জরুরি আইনশৃঙ্খলা রক্ষা ও ফুটপাতের অবৈধ দখলমুক্তকরণ ডিউটি করছিলেন। এসময় ফুটপাত দখল করে মাছ ব্যবসায়ী রুদ্র ওরফে শামীমসহ অন্যান্য ব্যবসায়ীরা মাছের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে চলাচলের রাস্তা বন্ধ করে রাখলে পুলিশ সদস্যরা তাদেরকে ফুটপাত থেকে মাছের ড্রামসহ মালামাল সরিয়ে নিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে বিপুল হোসেন, রুদ্রসহ আরও ৪/৫ মাছ ব্যবসায়ী পুলিশের উপর মারমুখী আচরণ করে। একপর্যায়ে কনস্টেবল সাইমুল ও আল ইমরানকে এলোপাথারী মারধর করে পুলিশের পোশাক টেনে ছিঁড়ে ফেলে এবং ঘটনাস্থলে দায়িত্বরত এসআই নাজমুল হোসেনের কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। 
 
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, মাছ ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় মামলা এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি