যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:৫৮
 
যৌতুকের জন্য সাদিপুর ইউনিয়নের বাইশটেকী গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার পর ঘরে তালাবদ্ধ করে রেখে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 
 
আহত গৃহবধূ হাফসা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় তার বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
জানা যায়, ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু সাইদের মেয়ে হাফসা আক্তারের সঙ্গে তিন বৎসর আগে বাইশটেকী গ্রামের হযরত আলীর ছেলে সুমন মিয়ার বিয়ে হয়। সোহানা নামে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকে হাফসার স্বামী সুমন মিয়া ও তার মা আকলিমা বেগম, ভাই সবুজ মিয়া যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। ইতিমধ্যে যৌতুক বাবদ দুই লাখ বিশ হাজার টাকা আদায় করেছেন তারা। সম্প্রতি ওই গৃহবধূর পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবী করে সুমন ও তার পরিবার। 
 
আবারো যৌতুক চাওয়ায় তা দিতে অস্বীকার করায় বুধবার দুপুরে সুমন মিয়া, তার মা আকলিমা বেগম ও ভাই সবুজ মিয়া হাফসা বেগমকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে আবু সাইদ ও তার পরিবারের লোকজন ঘরের তালা ভেঙ্গে হাফসাকে উদ্ধার করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক লায়লা ইয়াসমিন জানান, আহত গৃহবধূর বাম চোখ, গাল ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
আবু সাইদ বলেন, আমার মেয়ে জামাই সুমন মিয়া, তার মা আকলিমা বেগম ও তার ভাই সবুজ মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। বুধবার যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়েকে হত্যার চেষ্টা চালিয়েছেন তারা। আমি এর ন্যায় বিচার চাই।
 
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি