চৈত্র শেষের সংক্রান্তি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩১

রোকেয়া খাতুন রুবী

 

চৈত্র মাসের শেষ দিনেতে

উড়ছে ঘুড়ি নীল

আসবে নতুন, আকাশ-ঘুড়ির

তাই হয়েছে মিল।

 

বর্ষ বিদায় বর্ষবরণ

গ্রাম-শহরে মেলা

পালাগানে ছন্দ আনে

চলছে লাঠিখেলা।

 

গ্রামের বাড়ি লেপাপোছা

সবজি শাকের ভোজ

সঙ্গে তেতো, ডাল সজনে

নেই আমিষের খোঁজ।

 

তৈরি হবে হালখাতা আর

সাজবে দোকানপাট

চাষবাসে গ্রাম রইবে ভরা

তাড়িয়ে বালাইষাট।

 

সূর্য আলোয় প্রত্যাশা আর

সম্ভাবনার গানে

চৈত্র শেষের সংক্রান্তি

বোশেখ ডেকে আনে।