পর্যটন নগরীতে বর্ষবরণের প্রস্তুতি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৩৮

কক্সবাজার প্রতিনিধি

বৈশাখ উদ্যাপন উপলক্ষে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে মেলাসহ লোকজ নানান সাংস্কৃতিক উত্সবের। বিভিন্ন আলপনায় সাজানো হচ্ছে হোটেল-মোটেল জোনের তারকা হোটেলগুলো। অনেক হোটেল ঘোষণা করেছে অতিথিদের জন্য সাশ্রয়ী নানান প্যাকেজ। বৈশাখ বরণে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সপ্তাহিক ছুটির সাথে নববর্ষ মিলিয়ে তিন দিনের ছুটি পড়েছে। তাই বর্ষবরণে কক্সবাজারে আসছেন ভ্রমণ পিপাসুরা। তারকা হোটেলসহ গেস্ট হাউস ও কটেজ এবং আবাসন প্রতিষ্ঠানগুলোর আগাম বুকিং হয়ে গেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)’র সদস্য ও দিগন্ত ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ইয়ার মুহাম্মদ বলেন, এ সময়ে চৈত্র-বৈশাখের দাবদাহে কক্সবাজারে পর্যটক সমাগম কমই থাকে। কিন্তু ২০১৭ সালের শেষ সময় হতে পুরো বছর কক্সবাজারে কমবেশি পর্যটক উপস্থিতি রয়েছে।

তারকা হোটেল ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু জানান, পহেলা বৈশাখের পরিবর্তে চৈত্র সংক্রান্তির দিন থেকে ২ বৈশাখ তিন দিন বৈশাখী মেলার আয়োজন থাকছে তাদের। হোটেল সায়মন বিচ রিসোর্টের ফুডস অ্যান্ড বেভারেজ (এফ এন্ড বি) ব্যবস্থাপক ইমরান হোসেন বলেন, বিগত বছরগুলোর ন্যায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে এবারো হোটেল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

এছাড়াও পৃথক আয়োজন করছে তারকা হোটেল কক্স-টু-ডে, সি-গাল, লংবিচ, বেস্ট ওয়েস্টার্ন, মারমেডসহ সবকটি বড় হোটেল-মোটেল। বৃহস্পতিবার হোটেল-মোটেল জোনে গিয়ে দেখা যায়, বর্ষবরণ উপলক্ষে হোটেল এলাকায় বৈশাখী ঐতিহ্যের রঙের আঁচড় লাগাচ্ছে কর্তৃপক্ষ। সাজানো হচ্ছে সড়ক-উপসড়কও।  কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, সমুদ্র সৈকত ছাড়াও সেন্টমার্টিন, হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, সাফারি পার্ক ও মহেশখালীর আদিনাথে পর্যটকদের পদচারণা বাড়বে বলে আশা করছেন এ হোটেল মালিক। অপর দিকে অভিযোগ রয়েছে, পর্যটকদের ভিড়কে পুঁজি করে একশ্রেণির হোটেল মালিক ও কক্ষ দালাল আসল ভাড়ার ৩-৪ গুণ হারে ভাড়া নেয়ার আশায় অনেক পর্যটককে কক্ষ নেই বলে জানিয়ে দিচ্ছেন ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ফজলে রাব্বি জানান, বাড়তি পর্যটকদের নিরাপত্তা বিধানে পর্যটন স্পটসমূহে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জেলা প্রশাসন বৈশাখ বরণে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করবে। এরপর শহীদ দৌলত ময়দানে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।