পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিঠুন চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার (৬জানুয়ারি) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
গত ৩ জানুয়ারি খাগড়াছড়ি জেলা শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত মিঠুন চাকমার স্মরণে আজ শুক্রবার বিকেলে জেলা শহরের স্বনির্ভর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ‘সংহতি সমাবেশ’ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সংহতি সমাবেশে বক্তৃতা করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লেলিন শাহাদাত এবং ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক মাইকেল চাকমা।
মিঠুন চাকমাকে হত্যার নিন্দা জানিয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সমাবেশে বলেন, এই হত্যাকাণ্ড সরকারের ষড়যন্ত্র। মিঠুন চাকমা জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলন করতেন। তাকে হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে মিঠুন হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ইত্তেফাক/এমআই
