ডেমরায় হোটেলে বাস ঢুকে পড়ায় নিহত ১

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:৫৫
 
রাজধানীর ডেমরায় গতকাল শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাসেল(২৩)। নিহত রাসেল পেশায় টাইলস মিস্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
নিহতের ফুফাতো ভাই ইউসুফ আলী জানান, রাসেল ডেমরার সাদ্দাম মার্কেট এলাকায় থাকেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ডেমরার তিন রাস্তার মোড় এলাকায় সাদ্দাম মার্কেটের পাশে একটি হোটেলে তিনি খাবার খাচ্ছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ধাক্কা দেয়। 
 
এতে রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। রাসেলের বাবার নাম মিলন মিয়া। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে।
 
ইত্তেফাক/আনিসুর