চাটখিলে তহশিলদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৪৭

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিল উপজেলার পাল্লা বাজার তহশিল অফিসের তহশিলদার মো. সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদপুর গ্রামের মৃত জয়নাল আবদীনের ছেলে আবদুল হাই।

অভিযোগে জানা যায়, তহশিলদার সামছুল আলম দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি মোহাম্মদপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত সিএস ২০৫৯ হালে বিএস ৫৮৭৫নং দাগে স্থায়ী অবকাঠামো গড়ার সুযোগ করে দিয়েছেন মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ মাস্টারের বড় ছেলে মো. ফারুক হোসেনকে। এছাড়া তার বিরুদ্ধে জমা খারিজ ও খাজনা আদায়ে বিনা রশিদে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে তহশিলদার সামছুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।