নেত্রকোনা জেলার অন্যতম কলমাকান্দা সড়কটির বেহাল দশার কারণে যাত্রীবাহী বাস চলাচলে যেমন সমস্যা হচ্ছে তেমনি পণ্য পরিবহণেও দারুণ সমস্যা হচ্ছে। সড়কটির ভগ্নদশার কারণে যানবাহন পথের মধ্যে প্রায়শই আটকা পড়ছে। ঝুঁকিতে চলছে যানবাহন। সড়কটির ভগ্নদশার কারণে পাশাপাশি দুটি গাড়ি ক্রস করতে না পারায় খাদে পড়ে গিয়ে প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ সংস্কার করার দাবি জানিয়ে স্থানীয় এলাকাবাসী এবং যানবাহন শ্রমিক ও মালিক সমিতি। নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা ২১ কিলোমিটার দীর্ঘ সড়কটি তিন বছর আগে সংস্কার করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুটি গাড়ি একই সাথে ক্রস করতে না পারায় প্রতিদিনই বাস ও মালবাহী ট্রাক সড়কের পাশে দেবে যাচ্ছে এবং খাদে পড়ে যাচ্ছে। এতে মালামাল বিনষ্টসহ ঘটছে হতাহতের ঘটনা। সড়কে তীব্র যানজটের কারণে সাধারণ মানুষ হেঁটে যেতেও পারছে না। এদিকে জেলার সীমান্তবর্তী এলাকাসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার জনগণের চলাচলের সড়ক এটি।
ফলে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের সাথে সড়কটির সংস্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, দ্রুত সড়কটির সংস্কার করা হবে বলে তিনি জানান।
শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, এই সড়কটি প্রশস্তকরণও টেকসই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যাচাই সম্পন্ন হয়েছে। এখন সড়কটি নির্মাণের জন্য ৩৪ কোটি টাকা বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে সড়কের ‘কর্মপরিকল্পনা’ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই সড়কটির সংস্কার কাজে হাত দেয়া হবে।
ইত্তেফাক/নূহু
