কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় আয়াত উল্লাহ নামে এক অভিভাবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবারের এই বর্বর ঘটনার ডিভিও এবং কিছু স্থির চিত্র ধারণ করে তা খরুলিয়া কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে তোলপাড় শুরু হয়। অনেকেই এ ঘটনাকে বর্বরোচিত বলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি জানার পর তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে শোকজ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া জানান, এ ঘটনায় আয়াত উল্লাহ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।
ঘটনার শিকার আয়াত উল্লাহর বাড়ি ওই স্কুলের পাশেই। সোমবার সকালে নির্যাতনের শিকার আয়াত উল্লাহ জানান, সন্তানের পরীক্ষার ফলাফল, অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় তার উপর নির্যাতন করা হয়। আয়াত উল্লাহর দাবি, ইচ্ছা মাফিকভাবে পরিচালিত হচ্ছে স্কুলটি। একটি সিন্ডিকেট দ্বারা পরিচালিত স্কুলটিতে বিনা নোটিশে বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় তার উপর নির্যাতন চালানো হয়। স্কুল শিক্ষক, পাশের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এসে তারা দড়ি দিয়ে বেঁধে বেদম মারধর করেন। এ সময় তা ভিডিও ও ছবি তুলে রাখেন কয়েকজন শিক্ষক। ঘটনার পর পরিচালনা কমিটির সদস্যরা এসে তার কাছ থেকে উল্টো মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। ঘটনার পর তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে জানতে পারেন এসব ভিডিও এবং ছবি ফেসবুকে দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
