স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ড থেকে কাঁধের ইনজুরি বয়ে এনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড থেকে ফিরে বিশ্রামেই ছিলেন তিনি। কাঁধে ব্যথা অনুভব করায় পরে স্ক্যান করা হয়। তাতে গ্রেড-৩ টিয়ার ধরা পড়েছিল। এখন রিহ্যাব চলছে তার। ইতোমধ্যে নেটে ব্যাটিং শুরু করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে ঢাকা প্রিমিয়ার ত্রিকেট লিগে আর খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর।
ড্রাফটে মাহমুদউল্লাহকে কিনেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগে উন্নীত হওয়া এই ক্লাবের হয়ে খেলবেন না ডানহাতি এই ব্যাটসম্যান। গতকাল এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটির সূত্র। ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে কিনেছিল শেখ জামাল।
ইনজুরির কারণে এখনো বোলিং, ফিল্ডিং শুরু করতে পারেননি মাহমুদউল্লাহ। সুপার লিগ শুরু হবে ১৫ এপ্রিল। পুরো ফিট হতে না পারায় লিগ খেলবেন না তিনি।
এবার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা প্রিমিয়ার লিগের ড্রাফটেই নাম রাখেননি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ড্রাফটে নাম ছিল মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। মাশরাফি আবাহনীর হয়ে লিগ খেলছেন। সাকিব আছেন আইপিএলে। তামিম দেশের বাইরে। আর মুশফিক গতকালও সকালে রানিং করেছেন মিরপুরে। কয়েকদিন পরপর ব্যাটিংও করছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
