সৈয়দ আবদুল ওয়াজেদ, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এবার বর্ণাঢ্য আয়োজনে ও উত্সবমুখর পরিবেশে বাঙালির অন্যতম উত্সব পহেলা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার কর্মসূচির ব্যাপকতা গত বছরের আয়োজনকেও ছাড়িয়ে যাবে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি নগরীর বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় বাঙালির এই উত্সব উদ্যাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বাঙালির খাবার, পোশাক, গান, নাচ আর প্রাণে প্রাণে মিলনের এই আয়োজনে নগরীর সর্বসাধারণও অংশগ্রহণ করবেন।
নগরীর ডিসি হিল, সিআরবি শিরীষতলা, চবি চারুকলা ইনস্টিটিউট, পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল-২, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, চট্টগ্রাম প্রেস ক্লাব, রেডিসন ব্লু, হোটেল আগ্রাবাদ, হোটেল সেন্টমার্টিন, লডস্ ইন, হোটেল পেনিনসুলা, হোটেল দি এলিনা, হোটেল বোনানজা, প্রেস ক্যাফে, বৈশাখী হোটেলসহ প্রায় রেস্তোরাঁয় বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় দেওয়া হয়েছে খাবারের উপর বিশেষ ছাড়।
বুটিক হাউসগুলোতে চলছে ব্যাপক কেনাকাটা। নানা বয়সী ছেলে-মেয়ের জন্য শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, উত্তরীয় বিক্রি হয়েছে দেদারসে। শপিং মল ও অভিজাত বিপণী কেন্দ্রগুলোতে বৈশাখী পোশাক বিক্রির হিড়িক চলছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিসি হিলে বর্ষবিদায় অনুষ্ঠান শুরু হবে আজ শনিবার বিকাল ৪টায়। রবিবার বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টায়। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নগরীর বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা শুরু হয়ে ডিসি হিল পর্যন্ত এসে ফিরে যাবে চারুকলা চত্বরে। ইনস্টিটিউটে চলবে দিনব্যাপী অনুষ্ঠান। নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম-এর উদ্যোগে সিআরবি চত্বরে শিরীষতলায় শনিবার বিকাল ৪টায় বর্ষবিদায় ও রবিবার সকাল ৮টায় শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সাহাব উদ্দিনের বলিখেলা। নেভাল-২ তে পহেলা বৈশাখ সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে থাকবে র্যালি, নৃত্য, যাদু প্রদর্শন, বাংলা গান প্রভৃতি। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
