আড়াইহাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৯
 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক সাংবাদিকের ২টি দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, বুধবার রাত ১১টার সময় উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারের যে কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।আগুনে সাংবাদিক বাদলের মালিকানাধীন কবির ট্রেডার্স ও রাসেল স্টোর, ইউসুফ ট্রেডার্স, সিরাজ স্টোর, আফজলের সুতার দোকান,  আনোয়ারের মুদি দোকান, শাহজালাল ও জয়নালের মিষ্টির দোকান, নন্দা দাস ও অরুণ শীলের সেলুনের দোকান, জামানের ওষুধের দোকান এবং মাহাবুবের খাবার হোটেল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
 
কবির ফার্মেসি ও রাসেল স্টোরের দোকান মালিক সাংবাদিক বাদল আহমেদ জানান, আগুন লাগার সময় বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। আগুনের সংবাদ পেয়ে বাড়ি থেকে এসে দেখি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দীর্ঘ ৩ঘণ্টা পর রাত ১টায় স্থানীয় লোকজন আগুণ নিয়ন্ত্রণ করেন।
 
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, রাতে আগুন লাগায় এবং বাজারে লোকজন না থাকার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তিনি আরো জানান, দোকান মালিকরা ক্ষতির পরিমাণ কোটি টাকা দাবী করলেও তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
 
ইত্তেফাক/জামান