ফকিরহাটে পৃথক ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ৩

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২১:২৭
 
ফকিরহাটে শুক্রবার বিকালে পৃথক ঘটনায় ৩জন নিহত হয়েছেন। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কসহ দুইজন এবং পানিতে ডুবে শিশু মারা গেছে।
 
কাটাখালী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক শেখ জামাল উদ্দীন ও স্থানীয়রা জানান, খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঁঠালতলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংর্ঘষে ফকিরহাট পাগলা দেপাড়া গ্রামের মাও. মতিয়ার রহমানের ছেলে আবু বক্কার (৪৫) নিহত হয়েছেন। 
 
খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় একই দিন বিকালে মোটরসাইকেল ও ইট বালুবাহী ট্রলির ধাক্কায় ফকিরহাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু দাউদ হাইদার (৪০) নিহত হয়েছে বলে জানিয়েছে পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ।
 
একই দিন বিকাল ৪টায় সাত শৈয়া গ্রামের ইমরান শেখের দেড় বছরের শিশু ছেলে হামিম শেখ পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/আরকেজি