মুরাদনগরে সাইদুল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩৪

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগরের সাইদুর হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলমকে বৃহস্পতিবার ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ২৭ জুন জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে বাঙ্গরা বাজার থানা এলাকার শ্রীকাইল গ্রামের সাইদুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নিহতের ভাই মোবারক হোসেনকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত ১২ জনের নামে মামলা করে ভুক্তভোগী পরিবার। হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে ছিল।

বাঙ্গরা বাজার থানার এসআই নুরুল আলম জানান, গোপনে খবর পেয়ে সাইদুর হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছি।