ইত্তেফাক রিপোর্ট
শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়া নাগরিকদের কাছে নস্টালজিক হয়ে ওঠে ফেলে আসা গ্রামের জীবন। সেই স্মৃতিমধুর গ্রামীণ জীবনের কথাই উঠে এসেছে শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাসের ‘জীবন স্মৃতি’ শীর্ষক প্রদর্শনীতে। গতকাল লালমাটিয়ায় গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে পক্ষকালব্যাপী এ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি ও কবি রবিউল হুসাইন, বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও আইনজীবী নাহিদ মাহতাব। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান। প্রদর্শনী বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
শাহনাজ রহমান সুমীর অ্যালবাম
জাতীয় জাদুঘরে গতকাল মোড়ক উন্মোচন কর হলো শিল্পী শাহনাজ রহমান সুমীর আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’। অ্যালবামের গানগুলোর কথা ও সুর দিয়েছেন ভারতের উদয় বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা চ্যাটার্জি। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য শিল্পী সুবীর নন্দী, সংগীত গুরু ওস্তাদ মিহির লালা, নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজী ও উদয় বন্দ্যোপাধ্যায়। পরে শিল্পী তার অ্যালবামের বেশকিছু গান পরিবেশন করেন।
