নুসরাত হত্যা

অধ্যক্ষ সিরাজসহ দুই শিক্ষকের এমপিও স্থগিত

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৫১

ইত্তেফাক রিপোর্ট

ফেনীর সোনাগাজী উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষসহ দুই শিক্ষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তর এমপিও স্থগিত সংক্রান্ত আদেশ জারি করে। এমপিও স্থগিত হওয়া দুই শিক্ষক হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাওলানা সিরাজ উদদৌলা ও ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন।

আদেশে বলা হয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির মামলা ও হত্যা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলা এবং একই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন গ্রেপ্তার হওয়ায় তাদের এমপিও স্থগিত হওয়া প্রয়োজন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের প্রভাষক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় বিধি অনুযায়ী তাদের এমপিও স্থগিত করা হয়েছে। ওই দুই শিক্ষকের সব ডাটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস (ইলেকট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সেলে থাকায় মাউশি মহাপরিচালককে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।