সংযুক্ত আরব আমিরাতে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ করেছেন কাতারের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে কাতারের কূটনৈতিক সংকটের মধ্যেও দেশটির সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
IMG0
জানা গেছে, তিনি তার ইচ্ছের বিরুদ্ধে আটক করার অভিযোগটি করেছেন ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে। এতে তিনি দাবি করেন যে, তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক আটক রয়েছেন এবং তার কিছু হলে তিনিই ‘পুরোপুরি দায়ী’ হবেন। তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি কাতারের বর্তমান আমিরের আত্মীয়। ভিডিওতে দেখা যায় তিনি আরামকেদারায় বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন। তিনি বলেন, ‘আমি এখন আবুধাবিতে শেখ মোহাম্মদের অতিথি হিসেবে। কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছেনা। বরং এটা আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোনো দিকে যেতে মানা করেছে।’ শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি আরো বলেন, ‘আমি সবাইকে অবহিত করতে চাই যে, যদি আমার কোনো কিছু ঘটে তাতে কাতারের কোনো দোষ থাকবেনা।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
