অশ্লীল ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের এক গৃহবধুকে (২৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ গৃহবধু বাদী হয়ে ধর্ষক আনোয়ার ফকিরকে (২০) আসামি করে রবিবার রাতে গৌরনদী থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষনিক অভিযান চালিয়ে কমলাপুর গ্রাম থেকে অভিযুক্ত ধর্ষক আনোয়ার ফকিরকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সে ওই গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের এক গৃহবধুর স্বামী কয়েক বছর ধরে ঢাকা সিটির ফুটপাতে ব্যবসা করে আসছে। এ সুবাদে একই বাড়ির দুরসম্পর্কের ভাতিজা আনোয়ার ফকির (২০) প্রায়ই ব্যবসায়ীর ঘরে ঘুমাতো। এ সুযোগে বখাটে আনোয়ার ফকির মোবাইল সেট দিয়ে গত ৬ মাস পূর্বে ব্যবসায়ীর স্ত্রীর ঘুমন্ত অবস্থার অশ্লীল ও নগ্ন ছবি তোলে। ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বখাটে আনোয়ার ফকির প্রায়ই গৃহবধুকে (দুর সম্পর্কের চাচী) ধর্ষণ করে।
সর্বশেষ গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বখাটে আনোয়ার ফকির ব্যবসায়ীর ঘরে টিভি দেখতে এসে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধু চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। ধর্ষক আনোয়ার পালিয়ে যায়।
মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে গতকাল সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কালেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার ফকিরকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
