চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২৩:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকা থেকে একটি লোকাল বাসে করে নিউমার্কেট যাওয়ার সময় যৌন হয়রানির মুখে পড়েছেন চবির এক ছাত্রী। বাসের হেলপার সরাসরি ঐ ছাত্রীর ওপর আক্রমণ করে, আর তাকে উত্সাহ দেয় চালক। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার এলাকায় যখন এই ঘটনা ঘটে তখন বাসে ঐ ছাত্রী একাই ছিলেন। হেলপারের আক্রমণ থেকে কোনোরকমে বেঁচে চলন্ত বাস থেকে লাফিয়ে রক্ষা পান ঐ ছাত্রী। কিন্তু বাস থেকে পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় এখনও বাস চালক কিংবা হেলপারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, ঘটনার দিন ক্লাস শেষ করে বিকালে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় মূল গেইট থেকে ৩নং বাসে উঠেন। বাসটি নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী নেমে যায়। ঐ ছাত্রী নিউমার্কেট মোড়ে নামার জন্য বাসে বসে ছিলেন। তাকে একা পেয়ে হঠাত্ বাসটি তার রাস্তা বদল করে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে। বিপদের আভাস পেয়ে মেয়েটি ড্রাইভারকে বাস থামাতে বললে হঠাত্ বাসের হেলপার তার ওপর আক্রমণ করে। যৌন হয়রানির চেষ্টা করে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে হাতে থাকা মোবাইল দিয়ে হেল্পারকে আঘাত করে চলন্ত বাস থেকেই প্রাণ রক্ষার্থে লাফ দেন এবং এক রিকশাওয়ালার সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে বাসায় ফেরেন।

ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। থানার ওসি মো. মহসীন বলেন, ওই মেয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশের একটি টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের খুঁজে শাস্তির আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, কোতোয়ালি থানার ওসির সাথে আলাপ হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।