নাখালপাড়ার বাড়ির মালিকের বিরুদ্ধে জিডি র‌্যাবের

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:৩১
রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলার মেসে অভিযানে ৩ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে একটি জিডি দায়ের করেছে র‌্যাব। তেজগাঁও থানায় দায়ের করা এই জিডিতে বাড়ির মালিক বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্সার শাহ মোহাম্মদ সাব্বির হোসেনের বিরুদ্ধে বাড়ি ভাড়ার নীতিমালা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। এই জিডি দায়েরের পর সোমবার রাতে র‌্যাব বাড়ির মালিক শাহ মোহাম্মদ সাব্বির হোসেন, মেস ম্যানেজার রুবেল, শীতল ও মেসের সদস্য তৌহিদকে ছেড়ে দিয়েছে। 
 
অপরদিকে, অভিযানে নিহত ৩ জঙ্গি সদস্যের মধ্যে ২ জনের পরিচয় এখনও মিলেনি। র‌্যাব বলছে, ডিএনএ নমুনা পরীক্ষার রিপোর্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। 
 
র‌্যাব কর্মকর্তারা জানান, গত শুক্রবারের অভিযানের আগে আইন-শৃঙ্খলা বাহিনী তিনবার ওই বাড়িতে অভিযান চালিয়েছিল। আগের অভিযানগুলোয় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তবে ওই সময় গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির সংশ্লিষ্ট ছিল। প্রথম অভিযানের পরপরই বাড়ির মালিক শাহ মোহাম্মদ সাব্বির হোসেনের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিৎ ছিল। কিন্তু তিনি হননি। বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে সাব্বিরের উদাসীনতার বিষয়টি র‌্যাবের তদন্তে উঠে এসেছে। এছাড়া বাসার নিরাপত্তারক্ষী, মেসে খাবার সরবরাহকারীও এ বিষয়ে সতর্ক ছিলেন না। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে র‌্যাব। এ বিষয়টি উল্লেখ করে তেজগাঁও থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬৯২) করা হয়েছে। 
 
র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে একটি জিডি করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানে নিহত অন্য দুজনের পরিচয়ও যাচাই করা হচ্ছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
 
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে পশ্চিম নাখালপাড়ার ১৩/১ নম্বর বাড়ির পঞ্চম তলায় একটি মেসে র‌্যাব অভিযান চালায়। এতে মেজবা উদ্দিনসহ ৩ জন নিহত হয়। ওই বাড়ির মালিক শাহ মোহাম্মদ সাব্বির হোসেন বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্সার। নিহতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্য বলে র‌্যাব জানায়। ঘটনাস্থল থেকে র‌্যাব ৩টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সুইসাইডাল ভেস্ট, ২টি বিদেশি পিস্তল, ১৪টি ইলেকট্রিক ডেটোনেটর ও ৪টি পাওয়ার জেল উদ্ধার করে।
 
ইত্তেফাক/এমআই