ডিজিটাল আইনের মামলায় জবি ছাত্র ফাহাদ গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪৩

ধর্ম নিয়ে কটূক্তি

জবি সংবাদদাতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা)কে নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৭টায় পুরান ঢাকার শাঁখারিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষার্থী ফাহাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতারের সুপারিশ করে পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে শেয়ার করা নিউজের নিচে ‘Forhad H Fahad’ নামের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা)কে নিয়ে কটূক্তির বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এর আগেও ফাহাদ বিভিন্ন সময় নিজেকে ‘ধর্মীয় মাওলানা’ দাবি করে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছিল বলে অভিযোগ আছে। এর পরই ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে আসছে তাবলীগ জামায়াত ও ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নূর-ই-আলম কোতোয়ালি থানায় ফাহাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করেন। আরেক ছাত্রলীগ নেতা মিজানুজ্জামান খান শামীম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফাহাদকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানায় চিঠি দেয় বলে জানান প্রক্টর নূর মোহাম্মদ। তিনি জানান, ওই শিক্ষার্থী ইসলামবিরোধী কথাবার্তা বলেছে বলে তাকে গ্রেপ্তারের জন্য আমরা পুলিশকে চিঠি পাঠিয়েছি। অ্যাকাডেমিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা ভাবছি। এ নিয়ে আমরা আবার বসব।

কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান ইত্তেফাককে বলেন, ফরহাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। তবে তদন্তের সাথে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে এখন সম্ভব না।