গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর শুক্রবার বিকেলে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত নারীর পুত্রবধূ ও তার দুই মামাকে আটক করা হয়েছে। নিহতের নাম আলেয়া বেগম (৪৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী জসিম উদ্দিন ও স্বজনরা জানান, গত ৯ এপ্রিল সকালে গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশে মাঠে গিয়ে নিখোঁজ হয় আলেয়া। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পরদিন গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বিকালে বাড়ির পাশের একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্বশত্রুতার জেরেই আলেয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।