স্টাফ রিপোর্টার
রংপুরের পীরগাছায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার রাতে পীরগাছা উপজেলার পাওটানার মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার এক গ্রাম থেকে বরসহ মিনিবাসটি রংপুরে তাদের বাড়িতে ফিরছিলেন। বাসটি মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরের মধ্যে নামিয়ে দিলে এটি ডুবে যায়। আশপাশের লোকজন ছুটে এসে কয়েকজনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পীরগাছা ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়। এ ব্যাপারে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ইউনুস আলী জানান, খবর পেয়ে পীরগাছা ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে পীরগাছা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়।
