ইত্তেফাক ডেস্ক
উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন। কম্পিউটার হ্যাক করে তথ্য ফাঁসের জন্য অ্যাসাঞ্জ এবং তার সহযোগী চেলসি ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রের আনার চেষ্টা চলছে।
মার্কিন প্রসিকিউটর জানিয়েছেন, আগামী মাসে মামলার শুনানি হবে ভিডিও লিংকের মাধ্যমে। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে আটক আছেন। দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের ৫ বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে আগের ধর্ষণ মামলাটি ফের সচল হতে পারে। মামলাটির পুন:তদন্ত করার বিষয়টি বিবেচনা করছে সুইডেন। ধর্ষণ মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর। আইনজীবী এলিজাবেথ ম্যাসি ফ্রিতজ জানিয়েছেন, মামলাটি ফের সচল করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। বৃহস্পতিবার লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়। তাকে ওয়েস্টমিনিস্টারের আদালতে উপস্থাপন করা হয় এবং জামিনের আইন ভঙ্গ করার জন্য অভিযোগ গঠন করা হয়। -বিবিসি ও রয়টার্স
